ভাঙ্গা উপজেলা-এ এক জামায়াত নেতার মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মাছ নিধন হয়েছে বলে দাবি করা হয়েছে।

বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আনোয়ার মাতুব্বর ইউনিয়ন জামায়াতের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী জানান, প্রায় তিন বিঘা জমির ওপর গড়ে তোলা খামারে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করছিলেন তিনি। ফজরের নামাজ শেষে খামারে গিয়ে পানিতে অসংখ্য মরা মাছ ভাসতে দেখে তিনি হতভম্ব হয়ে পড়েন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন অভিযোগ করেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা শত্রুতা করে খামারে বিষ প্রয়োগ করেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আনোয়ার মাতুব্বর বলেন, কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। এতে তার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।