ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে যাচ্ছে লেবার পার্টি। দলটি আনুষ্ঠানিকভাবে যোগ দিলে জোটটি আবারও ১১ দলীয় রূপ পাবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে এক পথসভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ ইঙ্গিত দেন। তিনি বলেন, জাতি এখন দুই ধারায় বিভক্ত। একদিকে রয়েছে ১১টি নিবন্ধিত রাজনৈতিক দলের ঐক্য। তিনি আগাম ঘোষণা দিয়ে বলেন, শনিবার আরও একটি দল জোটে যুক্ত হবে।

যদিও বক্তব্যে দলের নাম উল্লেখ করা হয়নি, সংশ্লিষ্ট সূত্র জানায়, মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টিই জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে।

এর আগে নির্বাচন সামনে রেখে ১১ দলীয় জোটের ঘোষণা দেওয়া হলেও আসন সমঝোতায় চূড়ান্ত সমাধান না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলে জোটটি ১০ দলে সীমিত হয়।

লেবার পার্টি দীর্ঘদিন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক ছিল। তবে নির্বাচনে প্রত্যাশিত আসন না পাওয়ায় দলটি আগেই বিএনপির জোট ছাড়ার ঘোষণা দেয়। এবার তারা জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।