জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি দলীয় বিজয়ের চেয়ে দেশের সব মানুষের বিজয়কে গুরুত্ব দেন। তার ভাষায়, “আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। সবার বিজয় হলে আমিও তার বাইরে থাকব না।”
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় এলে কুতুবদিয়াবাসী মন্ত্রী পাবে উল্লেখ করে তিনি বলেন, “এখন আপনারাই ঠিক করবেন- এমপি নেবেন, না মন্ত্রী নেবেন।”
যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, “যুবক বন্ধুরা প্রস্তুত হয়ে যাও। আগামীর বাংলাদেশ তোমাদের হাতেই তুলে দেওয়া হবে।” তিনি আরও বলেন, যারা ‘না’র পক্ষে অবস্থান নেবে, তারা আবারও দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জামায়াত ক্ষমতায় গেলে যারা দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, তাদের কাছ থেকে সেই টাকা উদ্ধার করা হবে।





