বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান জানিয়েছেন, জামায়াত কিশোরগঞ্জ-৪ আসনে বিজয়ী হলে এবং দেশে জামায়াত সরকার গঠন করতে পারলে তিনি ‘বিষ খাবেন’। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সমাবেশে ফজলুর রহমান বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলেন দেখি, রাজাকারের পক্ষে হাত তুলেন দেখি, কিন্তু একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে। ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এরা পাস কইরা ফেলবে… আমি বিষ খাইয়্যাম।”
তিনি আরও অভিযোগ করেন, যারা আজও বেঁচে আছে, তা শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দয়া। ২০০১ সালে খালেদা জিয়ার কাছে বাঁচানোর আবেদন করেছিলেন তারা, কিন্তু বর্তমানে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, ধান্দাবাজি ও দুর্নীতি চালাচ্ছে। ফজলুর রহমান তাদের “মুনাফেক, বেইমান এবং অকৃতজ্ঞ” হিসেবে উল্লেখ করেন।
নিজেকে ‘আদর্শিক যুদ্ধের প্রার্থী’ হিসেবে উল্লেখ করে ফজলুর রহমান বলেন, তিনি শুধু মুক্তিযুদ্ধের পক্ষে থাকা মানুষ এবং বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের ভোট চান। তিনি আরও বলেন, ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয়; হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান যেই হোক, সকলের কাছেই তিনি ভোট চাইছেন। তার মতে, দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়েই স্বাধীনতা অর্জন করা হয়েছিল।
কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।





