জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করবে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং সমমনা আরও ছয়টি দল।
আগামীকাল সোমবার দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই কর্মসূচি প্রকাশ করা হবে। এদিন সকালে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে বৈঠক এবং পরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ জানান, সোমবার বেলা ১১টায় তাদের কার্যালয়ে আট দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে। বৈঠকে নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় যৌথ প্রেস ব্রিফিংয়ে কর্মসূচি প্রকাশ করা হবে।
এর আগে এই সমমনা আটটি দল তাদের পাঁচ দফা দাবিতে অভিন্ন ও যুগপৎ বিভিন্ন কর্মসূচি চালিয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার আগারগাঁওয়ে সমাবেশ ও মিছিলের পর নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে তারা।
আন্দোলনরত দলগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং ডেভেলপমেন্ট পার্টি।





