পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা হেলাল উদ্দিন মুন্সী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোলা দিয়েছে নতুন আলোচনা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদানের ঘোষণা দেন হেলাল উদ্দিন মুন্সী। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নবাগত সদস্য হেলাল উদ্দিন মুন্সীকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জামায়াতে যোগদানের প্রসঙ্গে হেলাল উদ্দিন মুন্সী বলেন, “আমি দীর্ঘ ২৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে এখন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামের খেদমতে বাকি জীবন উৎসর্গ করতে চাই।”
তিনি সকলের দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে নাজিরপুর ইউনিয়নে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জামায়াতে ইসলামীকে উল্লেখযোগ্য ভোট সুবিধা নিশ্চিত করার আশা প্রকাশ করেন।
হেলাল উদ্দিন মুন্সীর জামায়াতে যোগদানের খবর এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি করেছে।





