জামায়াতে ইসলামী বাংলাদেশ তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠেয় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
১৫ ডিসেম্বর রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মহান বিজয় দিবস উপলক্ষে আরেকটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিকেল ৩টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।
১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেন্দ্রীয় যুব বিভাগের উদ্যোগে যুব ম্যারাথন ও যুব র্যালি অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় শুরু হওয়া এ র্যালি শাহবাগ, কাঁটাবন, সায়েন্স ল্যাব ও কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। র্যালির নেতৃত্ব দেবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারকে শক্তিশালী করতে ১৬ ডিসেম্বর দেশব্যাপী আলোচনা সভা, র্যালি ও দোয়ার মাধ্যমে মহান বিজয় দিবস পালনের জন্য জামায়াতের সব শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।





