আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানি শেষে ইসি এই সিদ্ধান্ত দেয়।
এর আগে, শুক্রবার (২ জানুয়ারি) হলফনামায় মামলার তথ্য সংক্রান্ত জটিলতার কারণে কক্সবাজার-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান।
নির্বাচনে জমা দেওয়া হলফনামায় হামিদুর রহমান আযাদ তার বিরুদ্ধে থাকা ৭২টি মামলার তথ্য উল্লেখ করেন। এর মধ্যে ৭০টি মামলায় তিনি খালাস পেয়েছেন অথবা মামলা প্রত্যাহার ও অব্যাহতি হয়েছে। বাকি দুটি মামলা বর্তমানে বিচারাধীন। এর একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা, যা ঢাকার সিএমএম আদালতে দায়ের করা হলেও হাইকোর্ট তা স্থগিত করেছেন।





