নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মী হত্যা মামলায় বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক (৫৩)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বসুরহাট পৌর এলাকার খাল ব্যাপারী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
গ্রেপ্তার মানিক খাল ব্যাপারী বাড়ির আবুল কালামের ছেলে এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, মানিক জামায়াত-শিবির নেতাকর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
২০১৩ সালের ১৪ ডিসেম্বর বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপজেলা গেট এলাকায় গুলিতে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মী নিহত হন। এ ঘটনায় নিহত সাইফুল ইসলামের ভাই মো. আমিরুল ইসলাম আদালতে মামলা দায়েরের আবেদন করলে আদালত তা আমলে নিয়ে কোম্পানীগঞ্জ থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।
পরে গত বছরের ২৬ সেপ্টেম্বর এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়। মামলায় বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, সাবেক ইউএনও মো. নুরুজ্জামানসহ ১১২ জনকে আসামি করা হয়। এছাড়া, তৎকালীন কোম্পানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, সাবেক এসআই সুধীর রঞ্জন বড়ুয়া, আবুল কালাম আজাদ, শিশির কুমার বিশ্বাস ও উক্যসিং মারমার নামও আসামির তালিকায় রয়েছে।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।





