গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার মাত্র মুহূর্ত পর জেলগেটেই পুনরায় গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার হয়ে এক মাস ২ দিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।

\r\n

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন গাইবান্ধা জেলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হোসেন জসিম। তিনি পৌর শহরের নতুন বাজার মহুরি পাড়ার (বিহারি পট্টি) বাসিন্দা ও মতিন মিয়ার ছেলে।

\r\n

সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা কারাগারের সামনেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার। তিনি জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

\r\n

গ্রেপ্তারের সময় নিজেকে নির্দোষ দাবি করেন জসিম। তিনি বলেন, “আমি তিনটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছি এবং উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। তারপরও আমাকে কেন গ্রেপ্তার করা হলো?”

\r\n

এর আগে, গত ৩ এপ্রিল রাতে গাইবান্ধা পৌর শহরের পুরাতন বাজার একোয়াস্টেট পাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

\r\n

উল্লেখ্য, খান মো. জসিমের বিরুদ্ধে গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলায় এবং পলাশবাড়ীতে যুবদলের কর্মিসভায় হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে।