ঋণখেলাপির দায়ে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়া ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আজকের আপিল বিভাগের আদেশে জনগণের বিজয় হয়েছে, জালিমের বিরুদ্ধে মজলুমের জয় হয়েছে।” তিনি আরও বলেন, “ব্যাংক ডাকাতি করে কেউ জনগণের ভোটে সংসদে যেতে পারবে না। নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব।”
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন হাসনাত আবদুল্লাহ, ঋণখেলাপির অভিযোগ জানিয়ে। এরপর ১৭ জানুয়ারি ইসি মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
পরবর্তীতে প্রার্থিতা ফেরত পাওয়ার জন্য এবং ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মুন্সী হাইকোর্টে রিট করেন। ২১ জানুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করলে তিনি আপিল বিভাগে আবেদন করেন।





