জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির স্থানীয় নেতাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

\r\n

সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম নেতৃত্ব দেন এ অভিযানে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি ব্রিগেডিয়ার হুমায়ুন কাইয়ুমের সঙ্গে আলাপ করেন।

\r\n

আলোচনার সময় ব্রিগেডিয়ার হুমায়ুন বলেন, “শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো, যে জনগণের অসুবিধা করে, ভাঙচুর-নাশকতা করে, তাদের স্পষ্ট বার্তা দেওয়া হবে—এখন আর এসব করার সুযোগ নেই।”

\r\n

সারজিস আলম পরে সাংবাদিকদের বলেন, “জি এম কাদেরের রংপুরে আসা ও জাপার সাবেক মেয়রকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ঘিরে যে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটি রংপুরে আগে দেখা যায়নি। আমরা চাই না ভবিষ্যতেও এমন কিছু হোক।”

\r\n

তিনি অভিযোগ করে বলেন, “গত ১৬ বছর ধরে জাতীয় পার্টি আওয়ামী লীগকে স্বৈরাচারী সরকারে রূপান্তরিত করতে সহযোগিতা করেছে। জাপা এখন আওয়ামী লীগের বি-টিম হয়ে গেছে। তাদের কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছে। জি এম কাদেরের রংপুর সফর এবং গোপন বৈঠক আসলে আওয়ামী লীগকে সংগঠিত করার অংশ।”

\r\n

সারজিস আলম আরও বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ মিছিল করলেও তাদের ওপর জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। আমরা মনে করি, তদন্তের স্বার্থে যেকোনো পক্ষকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। তবে রাত ১টা-২টার মতো সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। দিনের বেলা, অফিস সময়েই এসব হওয়া উচিত।”

\r\n

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে রংপুরের সেনপাড়ায় ‘দ্য স্কাই ভিউ’ নামের একটি ভবনে জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। এ ঘটনার জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি ও জাপার নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

\r\n

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর পায়রা চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর আহ্বায়ক ইমরান আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইমতিকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করে।

\r\n

বৃষ্টির মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন এনসিপি নেতা সারজিস আলম। পরে রাত ২টার দিকে সবাই ঘটনাস্থল ত্যাগ করেন। সেনাবাহিনী ওই সময় বিএনপির স্থানীয় নেতাদেরও জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।