বিনিময় হারে নমনীয়তা নিয়ে দীর্ঘদিনের মতবিরোধ অবসান ঘটিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অবশেষে বাংলাদেশকে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড়তে সম্মত হয়েছে। আগামী জুনেই সংস্থাটি ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করবে, যা টাকার অঙ্কে প্রায় ১ হাজার ৫৭৬ কোটি টাকা।
\r\nবাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় এটি হবে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়। এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী বুধবার (১৪ মে)। ওই দিন বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
\r\nজানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের মাধ্যমে আইএমএফের সঙ্গে এই সমঝোতা হয়। মূলত, বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ‘ক্রলিং পেগ’ বিনিময় হার ব্যবস্থাকে ঘিরে মতবিরোধ থাকায় এতদিন কিস্তি ছাড় আটকে ছিল। এই ব্যবস্থার মাধ্যমে বিনিময় হার ধাপে ধাপে সমন্বয় করা হয়, যা বাজারকে কিছুটা স্থিতিশীল রাখতে সাহায্য করে।
\r\n২০২৩ সালে আইএমএফ বাংলাদেশকে মোট ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দেয়, যা ২০২৬ সাল পর্যন্ত সাত কিস্তিতে পরিশোধযোগ্য। এর মধ্যে প্রথম তিন কিস্তির আওতায় বাংলাদেশ ইতোমধ্যে ২ দশমিক ৩১ বিলিয়ন ডলার পেয়েছে। সর্বশেষ কিস্তি দেওয়া হয়েছিল ২০২৪ সালের জুনে।
\r\nচতুর্থ কিস্তি পাওয়ার কথা ছিল ২০২৩ সালের ডিসেম্বরেই, তবে নির্ধারিত কিছু শর্ত পূরণ না হওয়ায় তা আটকে যায়। এখন সেই জট খুলে একসঙ্গে চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড় করতে যাচ্ছে আইএমএফ।





