স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের বড় তিনটি আন্দোলনের ‘ট্রফি’ বিএনপির ঘরেই রয়েছে। তিনি দাবি করেন, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালের আন্দোলনে বিএনপিই বিজয়ী শক্তি।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগ ১৯৭১ ও ১৯৯০ সালের আন্দোলনের কথা বললেও জুলাই-আগস্টের আন্দোলনের ‘ট্রফি’ তাদের নেই। অন্যদিকে, বিরোধী দলগুলো জুলাই-আগস্টের কথা বলতে পারলেও ১৯৭১ ও ১৯৯০ সালের দাবি করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও যুক্ত ছিলেন এবং এ আন্দোলনের কৃতিত্ব তারা নিজেরাই অর্জন করেছেন।
প্রতিমন্ত্রী দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানেই ‘ট্রফি’ হস্তান্তর ও নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, এসব ঘটনাই প্রমাণ করে ছাত্র-জনতার আন্দোলনে কোন দল ও নেতৃত্ব মূল ভূমিকা পালন করেছে।





