জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


নাহিদ ইসলাম বলেন, “সরকার জানিয়েছিল, ৩০ কার্যদিবসের মধ্যে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। কিন্তু এখন পর্যন্ত সে বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। এতে প্রমাণ হয়, সরকার নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।”


তিনি জানান, সরকার যখন ব্যর্থ, তখন ছাত্র ও জনগণকে সঙ্গে নিয়ে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে “জুলাই ঘোষণাপত্র” পাঠ করবে এনসিপি।


সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও জানান, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে এনসিপি।


তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা বিচারের সংস্কার, নতুন সংবিধান ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের বার্তা জনগণের দুয়ারে পৌঁছে দেব। আমরা আসছি ৬৪ জেলায়—শহর থেকে গ্রামে, শহীদদের কবরের পাশে।”


এনসিপি নেতা জানান, ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত হবে দোয়া মাহফিল ও স্মরণসভা। ৩ আগস্ট অনুষ্ঠিত হবে “ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ” এবং ৫ আগস্ট পালন করা হবে ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’।


উল্লেখ্য, এর আগে ৬ জুন একাত্তর টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছিলেন, “যদি জুলাইয়ের মধ্যে সনদ ও ঘোষণাপত্র চূড়ান্ত করা হয় এবং তা প্রতিশ্রুত সময়সীমার মধ্যে হয়, তবে এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে এনসিপি স্বাগত জানায়।”