২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের রোববার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একক মাস হিসেবে গত পাঁচ বছরে এটি সর্বোচ্চ রেমিট্যান্স আয়। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে, যার পরিমাণ ছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।

চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার, বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২২ কোটি ৯২ লাখ ডলার।

অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে সর্বোচ্চ ১৬৮ কোটি ৯৭ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ লাখ ৩০ হাজার ডলার।

বিশ্লেষকরা বলছেন, হুন্ডির বদলে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ ও প্রণোদনা এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।