ঢাকার মিরপুরে জুলাই শহীদ পরিবারের জন্য ১,৫৬০টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পসহ মোট ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ, বৈদেশিক ঋণ থেকে ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা বহন করা হবে।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—
• চট্টগ্রাম অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প
• মানসম্পন্ন আলু বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ জোরদারকরণ
• গ্যাসের তিনটি অনুসন্ধান কূপ খনন
• মিরপুরে জুলাই শহীদ পরিবারের জন্য ১,৫৬০ ফ্ল্যাট নির্মাণ
• জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট প্রকল্প
• সচিবালয়, পরিবহণ পুল, মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ও সচিব নিবাসের অগ্নিনিরাপত্তা জোরদারকরণ
• সিরাজগঞ্জ–রায়গঞ্জ জেলা মহাসড়ক উন্নীতকরণ

এছাড়া আরও অনুমোদন পেয়েছে—
• নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্স আরবান ডেভেলপমেন্ট
• অটিজম ও এনডিডি সেবা উন্নয়ন
• জাপান হিউম্যান ডেভেলপমেন্ট স্কলারশিপ
• ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবনী ইকো সিস্টেম উন্নয়ন
• নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ও গবেষণাগার উন্নয়ন
• ক্লাইমেট রেসপনসিভ রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড পপুলেশন সার্ভিস প্রকল্প
• এসেনশিয়াল ও বায়োটেক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা
• স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিক উন্নয়ন
• সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প

পরিকল্পনা উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরও একনেক ও মন্ত্রিপরিষদ বৈঠক চলবে। তবে সচিবালয়ে নতুন ভবন নির্মাণ ও স্বাস্থ্য খাতের একটি প্রকল্প অনুমোদন না দিয়ে পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। তিনি আরও জানান, “শোনা যায় দুর্নীতি এখনো পুরোপুরি কমেনি, তবে প্রকল্পে ঠিকাদারভিত্তিক দুর্নীতি করার সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।”