২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের পুনর্বাসন ও সহায়তার জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা সংরক্ষণ, শহীদদের পরিবার ও আহত ছাত্র-জনতার পুনর্বাসন এবং এই অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরের কাজও চলছে।”

অর্থ উপদেষ্টা জানান, শিগগিরই শহীদদের পরিবার ও আহতদের জন্য মাসিক ভাতা প্রদানের নীতিমালা প্রণয়ন করা হবে। পাশাপাশি চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

\r\n\r\n\r\n\r\n

এই বরাদ্দের মাধ্যমে অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহানুভূতির বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।