রোববার দুপুর সোয়া ১২টায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব, তবে তা আইন-কানুন, বিধি-বিধান ও সংবিধানের মধ্য দিয়ে হবে। তিনি এই মন্তব্য করেন বিরোধী দলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান-এর জুলাই সনদ নিয়ে বক্তব্যের পরিপ্রেক্ষিতে।
মন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন এবং এখানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো প্রতিষ্ঠিত সংস্থা নেই। জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নের জন্য প্রথমে সংবিধানে সংশোধনী আনা প্রয়োজন।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন; কোনো ‘সংস্কার পরিষদ’-এর অধিবেশন আহ্বান করা হয়নি। আমরা বর্তমানে সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, জুলাই সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যেই আদালতে চ্যালেঞ্জ আনা হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি বর্তমানে বিচার বিভাগের বিবেচনায়।
\r\n\r\n\r\n\r\n
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী বর্তমানে এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই। যদি গণভোটের রায়ের ভিত্তিতে এই ধরনের পরিষদ গঠন করতে হয়, তাহলে প্রথমে সংবিধানে সংশোধনী আনতে হবে। সংবিধান সংশোধন হলে তা সংবিধানে অন্তর্ভুক্ত হবে এবং পরে প্রয়োজন অনুযায়ী পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি আলোচনার বিষয় হতে পারে।





