বরিশাল ব্যুরো :

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ঝালকাঠিতে গড়ে উঠেছে তরুণদের একটি ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম—‘ঝালকাঠি ইনসাফ মঞ্চ’। এটি কোনো একক ব্যক্তির উদ্যোগ নয়; বরং জেলার জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সচেতন, দায়িত্বশীল ও উদ্যমী তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা একটি অরাজনৈতিক, সৃজনশীল ও প্রতিবাদী নাগরিক সংগঠন।

সংগঠনটির আহ্বায়ক মোঃ খালেদ সাইফুল্লাহ বলেন, “জুলাই আমাদের কাছে শুধু একটি সময় নয়, বরং একটি চেতনা; ন্যায়, সাহস ও প্রতিরোধের প্রতীক। এই চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়া এবং এর আলোকে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য।”
সদস্য সচিব আল তৌফিক লিখন জানান, ঝালকাঠির জুলাই তারুণ্যের সম্মিলিত উদ্যোগেই এই প্ল্যাটফর্মের সূচনা হয়েছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখা এবং সেই চেতনার আলোকে একটি নতুন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা।”

ইতোমধ্যে ‘ঝালকাঠি ইনসাফ মঞ্চ’ বিভিন্ন ব্যতিক্রমধর্মী কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে। এর মধ্যে রয়েছে প্রদর্শনী, হাদি সন্ধ্যা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভ্যান র‍্যালি ও প্রতিবাদী কর্মসূচি, শহীদ ওসমান হাদি ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে গণ ইফতার, চাঁদের রাতে ঘোড়ার গাড়ি নিয়ে ঈদ মিছিল এবং নিয়মিত পাঠচক্র। এসব আয়োজনে ধনী-গরিব নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
এই ধারাবাহিকতায় সংগঠনটি সম্প্রতি ‘ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, যা তাদের আন্দোলনের জ্ঞানভিত্তিক শক্তি হিসেবে কাজ করবে। সংশ্লিষ্টরা জানান, এটি একটি ভিন্নধর্মী কমিউনিটি লাইব্রেরি মডেলে পরিচালিত হবে, যেখানে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বই বিনিময় কার্যক্রম ও নিয়মিত পাঠচক্র অনুষ্ঠিত হবে।
পাঠাগারটির লক্ষ্য হলো তরুণ ও শিশুদের বইমুখী করা, চিন্তাশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা এবং জ্ঞানচর্চার একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করা। পাশাপাশি এখানে সাহিত্য, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা, সাংস্কৃতিক কার্যক্রম এবং দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ পরিচালিত হবে।

সংগঠনটির মুখপাত্র সাকিবুল ইসলাম বলেন, “শহীদ ওসমান হাদি আমাদের অনুপ্রেরণা। ওসমান হাদি হত্যার বিচার, সকল অন্যায়ের বিরুদ্ধে নৈতিক প্রতিবাদ গড়ে তোলা এবং ইতিহাস-ঐতিহ্যের সঠিক চর্চার মাধ্যমে একটি দায়িত্বশীল সমাজ গঠনে আমরা কাজ করে যাচ্ছি।”

‘চেতনায় জুলাই—আদর্শে ইনসাফ’ এই স্লোগানকে ধারণ করে ঝালকাঠি ইনসাফ মঞ্চ তাদের কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, জুলাইয়ের চেতনা, ন্যায়বিচারের দাবি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের সমন্বয়েই তরুণ নেতৃত্ব একটি মানবিক ও শক্তিশালী নতুন বাংলাদেশ গড়ে তুলবে।