গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত ‘জুলাই বিপ্লব’-এর সময় ঘটে যাওয়া অনেক ঘটনাই ইতোমধ্যে জনসমক্ষে এসেছে। তবে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত এতদিন আড়ালেই ছিল। এবার সেই সময়কার একটি স্মরণীয় ছবি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পুরোনো ছবি পোস্ট করে নাহিদ জানান, এটি ২০২৪ সালের ২৩ জুলাই, গণস্বাস্থ্য হাসপাতাল থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে যাওয়ার সময়কার। ছবিতে তার সঙ্গে দেখা যায় নাসিরউদ্দিন পাটোয়ারীকেও।

নাহিদ ইসলাম তার পোস্টে লেখেন, “২৩ জুলাই, ২০২৪, গণস্বাস্থ্য হাসপাতাল থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে যাওয়ার সময়। সাথে নাসির ভাই। যেই সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিত হওয়ার কথা ছিল। ছবিটা অনেক দিন ধরে খুঁজছিলাম, যিনি আপলোড করেছেন তাকে ধন্যবাদ।”

ছবিটি পোস্ট করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই সেই সময়কার উত্তাল পরিস্থিতি ও আন্দোলনের স্মৃতিচারণ করেন।

মহিবুল্লাহ সিফাত নামের একজন কমেন্টে লিখেন, “আহ! জুলাইয়ের সেই দিনগুলো। আপনিসহ বেশ কয়েকজনকে নিয়ে খুব ভয়ে থাকতাম।”

রাহাত ইসলাম লেখেন, “আপনার ও আপনাদের অবদান আমরা চিরকাল মনে রাখব। জুলুমের শিকল ভেঙে মাজলুম জাতিকে মুক্তির পথ দেখানোর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।”

আরেকজন, আবু বকর সিদ্দিক, লেখেন, “অনেকেই নাসির ভাইয়ের অবদান নিয়ে প্রশ্ন তোলে। তারা দেখুক নাসিরউদ্দিন পাটোয়ারী কে! দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অন্যতম যোদ্ধা।”

নাহিদ ইসলামের পোস্টটি ‘জুলাই বিপ্লব’-এর একটি গভীরতর দিককে সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বিপ্লবের প্রেক্ষাপট, নেতৃত্ব, ও সিদ্ধান্তের পেছনের গল্পগুলো এখনো অনেকাংশে জনসাধারণের অজানা রয়ে গেছে। এ ধরনের পোস্ট সেই ইতিহাস সংরক্ষণে সহায়ক হতে পারে বলে অভিমত বিশ্লেষকদের।