জেনেভায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ আলোচনা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন। ট্রাম্পের মতে, ইরান এবার চুক্তি করতে আগ্রহী।
‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমি এই আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকব। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা।”
মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছে। মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের প্রস্তুতি রয়েছে।
চুক্তির সম্ভাবনা নিয়ে প্রশ্নে ট্রাম্প বলেন, ইরান বরাবরই আলোচনা টেবিলে কঠোর অবস্থান নেয়। তবে গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল, তখন তারা পরিণতি বোঝে। ট্রাম্পের মতে, “চুক্তি না করার পরিণতি ভোগ করতে তারা আর চাইবে না।”
গত জুনে আলোচনার সময় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পুরোপুরি বন্ধ করার দাবিতে আলোচনা স্থগিত হয়েছিল। ট্রাম্প বলেন, “পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে বি-২ স্টিলথ বোমারু বিমান পাঠানোর বদলে আমরা চুক্তি করতে পারতাম। তবে বিমান পাঠাতে হয়েছিল। আশা করি এবার তারা যৌক্তিক আচরণ করবে।”
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেনেভায় জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধানের সঙ্গে দেখা করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, তারা ‘ন্যায়সংগত ও সমতাপূর্ণ চুক্তি’ করতে এসেছেন। তবে আরাগচি স্পষ্ট করেছেন, “হুমকির মুখে আত্মসমর্পণ করা আলোচনার বিষয় নয়।”
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানের ৪৪০ কেজি উচ্চ–সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং নাতাঞ্জ, ফর্দো ও ইস্পাহানের স্থাপনা পর্যবেক্ষণ করতে চাচ্ছে। ইরান বারবার হুমকি দিয়েছে, কোনো হামলা হলে হরমুজ প্রণালি বন্ধ করতে পারে। সোমবার সেখানে তারা সামরিক মহড়াও চালিয়েছে।
উইাশিংটন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কেও আলোচনার আওতায় আনতে চাচ্ছে, তবে ইরান শুধুমাত্র পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে আগ্রহী এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি রাখছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ক্ষেপণাস্ত্র নিয়ে তারা আলোচনা করতে নারাজ।
হাঙ্গেরি সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “তেহরানের সঙ্গে চুক্তি করা কঠিন হবে। কূটনৈতিকভাবে চুক্তির সুযোগ আছে, তবে এটি সহজ হবে না।”





