নগর বাউল জেমস চমক দেওয়ার মতো খবর জানিয়েছেন—ফের বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তাঁর স্ত্রী আমেরিকায় বসবাসকারী নামিয়া আমিন। এই বিয়ে জেমসের তৃতীয়।

খবরটি নিশ্চিত করেছেন জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন। তিনি জানান, জেমস এবং নামিয়ার পরিচয় হয় ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। নগর বাউলের আমেরিকা ট্যুর চলাকালীন সেই শহরের শো’তে পরিচয় হয় তাদের। পরবর্তীতে ঘনিষ্ঠতা বাড়ে এবং ২০২৪ সালের ১২ জুন তারা বিয়ে সম্পন্ন করেন।

বিয়ে শেষে দু’জনই ঢাকার বনানীর জেমসের বাসায় থাকছেন। এবার সুখবর এসেছে সন্তান নিয়ে। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিং টং হাসপাতালে স্থানীয় সময় রাত ৩:৩৫ মিনিটে জন্মগ্রহণ করেছে জেমস-নামিয়ার পুত্র সন্তান, যাকে তারা নাম দিয়েছেন জিবরান আনাম।

নতুন জীবন নিয়ে জেমস বলেন, “আল্লার অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, গান গেয়ে যেতে চাই। দোয়া চাই সবার কাছে।”

জেমসের আগে দুইটি বিবাহ হয়েছিল। প্রথম স্ত্রী রথির সঙ্গে তাঁর দুটি সন্তান—পুত্র দানিশ ও কন্যা জান্নাত। দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে পেশাগত কারণে আলাদা হয়েছেন জেমস। বেনজীর তাদের একমাত্র কন্যা জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। জেমস তখন সমঝোতার ভিত্তিতে দেশ ও গান ছাড়েননি।