জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ে বর্তমানে কিছুটা অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। সমসাময়িক নানা ইস্যুর মতো এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। তবে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে নয়; বরং নিজের নির্বাচনী এলাকা ‘ঢাকা-৮’ আসনের ভোটার হওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শবনম ফারিয়া লেখেন,
“শান্তিনগরে ২৪/৭ জ্যাম—এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায়, এটা নিয়েও আমার কোনো কষ্ট নেই। আমার কষ্ট একটাই—শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার।”

তার এই স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং মন্তব্যের ঘরে নেটিজেনরা নানান প্রতিক্রিয়া জানাতে থাকেন। এক অনুসারী রসিকতা করে মন্তব্য করেন, “আপনি ভাগ্যবতী। ফ্রিতে নিজের এলাকার মারামারি দেখতে পারবেন। নির্বাচনের আগে কিছু ভুট্টা কিনে ঘরে রাখুন। যেদিন মারামারি লাগবে, সেদিন পপকর্ন বানিয়ে খেতে খেতে উপভোগ করবেন।”

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনটি অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত আসন হিসেবে বিবেচিত হচ্ছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস, এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আলোচিত মডেল মেঘনা আলম। মতিঝিল, শাহবাগ, রমনা ও পল্টনের মতো গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত এই আসনে নির্বাচনী উত্তাপ ছড়ানোর আভাস পাওয়া যাচ্ছে—শবনম ফারিয়ার আক্ষেপে যেন সেই ইঙ্গিতই ফুটে উঠেছে।