জয়পুরহাট-১ আসনে বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধান ও স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। তাঁদের জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট শহরের সরকারি কলেজ সংলগ্ন তাঁতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—রোমান হোসেন (৩৯), আল হামজা (৩০), তানজিদ (২৯), তৌফিক হোসেন (২৬), রাজিব হোসেন (৪০), আল আমিন (৩৫), সোহাস (২৪), রোহান (২৬) ও আব্দুল্লাহ (২৬)। তাঁদের মধ্যে কয়েকজনের বাড়ি জয়পুরহাটে এবং কয়েকজন ফরিদপুর জেলায়।

বিএনপির নেতারা অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ভাড়াটে লোকজন নিয়ে এলাকায় টাকা দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করছিলেন। এতে বাধা দিলে ধানের শীষ প্রতীকের কর্মীদের ওপর হামলা করা হয়।

তবে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রোহান, সোহাগ ও আব্দুল্লাহ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, ভোটকেন্দ্রের পাশে বুথ স্থাপনের জায়গা দেখতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়।

জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সবাই আশঙ্কামুক্ত।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহারের শ্বশুরবাড়ি ফরিদপুর জেলা সদরে বলে জানা গেছে।