জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে শহরের আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আমতলী মোড় প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিল পূর্বেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ। আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, জয়পুরহাট-২ আসনের এমপি পদপ্রার্থী রাশেদুল আলম সবুজ, অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইন, পেশাজীবী বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি এডভোকেট আসলাম হোসেন, জয়পুরহাট শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুফতি সাইদুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া আজ সময়ের দাবি। স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য গণভোট এর বিকল্প নেই।”

বক্তারা আরও সতর্ক করে বলেন, এসব দাবির প্রতি সরকার উদাসীন থাকলে দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।