ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৫টায় ঝিকরগাছা উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মারক। এ দিনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শিক নেতৃত্বের বিকাশের ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, উপজেলা যুববিভাগের সভাপতি আবিদুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা রেজাউল ইসলাম ও হা. রেজাউল করিম, পৌর আমির আব্দুল হামিদসহ শিবিরের নেতৃবৃন্দ।
সভায় বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির, সেক্রেটারিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





