ঝিনাইদহ সদরের কলোমনখালি বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার কলোমনখালি এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে স্থানীয় বিএনপি নেতা আসাদ চৌধুরী ও মাসুদ জোয়ারদার–নাঈম গ্রুপের মধ্যে। কয়েক দিন আগেও এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। তারই জেরে সোমবার সকালে বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) সামছুজ্জোহা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।