আজ ৬০ বছরে পা দিলেন বলিউডের সুপারস্টার সালমান খান। তিন দশকেরও বেশি সময় ধরে রোমান্স আর অ্যাকশনের মেলবন্ধনে দর্শকদের মন জয় করে চলেছেন তিনি।
তবে এই দীর্ঘ যাত্রা মোটেও সহজ ছিল না। আকাশছোঁয়া সাফল্যের পাশাপাশি এসেছে চরম ব্যর্থতা। প্রেম-বিরহ, বিতর্ক, আইনি জটিলতা এমনকি সাম্প্রতিক প্রাণনাশের হুমকিও তাঁর জীবনের অংশ। তবু সব ঝড়ঝাপটা সামলে আজও অবিচল সালমান। তাই বয়স ৬০ হলেও তিনি এখনো অপ্রতিরোধ্য।
তরুণীদের কাছে আজও সমান জনপ্রিয় এই ‘ব্যাচেলর’। ছবি হিট হোক বা ফ্লপ, তাতে তাঁর তারকাখ্যাতির এতটুকু ভাটা পড়ে না। কারণ, দর্শকদের কাছে তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি সবার প্রিয় ‘ভাইজান’।
শুরু থেকে আজ
১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সালমান খানের। পরের বছরই ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে ‘প্রেম’ চরিত্রে অভিনয় করে রাতারাতি রোমান্টিক নায়ক হিসেবে পরিচিতি পান তিনি। এরপর ‘সাজন’, ‘হাম আপকে হ্যায় কৌন’-এর মতো সুপারহিট ছবিতে নিজের অবস্থান শক্ত করেন।
তবে ক্যারিয়ারের এক পর্যায়ে টানা ফ্লপের কারণে প্রায় হারিয়েই যেতে বসেছিলেন সালমান। ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ ছবিতে অ্যাকশন হিরো রূপে ফিরে এসে নতুন অধ্যায়ের সূচনা করেন। এরপর ‘তেরে নাম’ তাঁকে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। একের পর এক সফল ছবিতে বদলে যায় তাঁর ক্যারিয়ারের গতি।
কখনো ‘বজরঙ্গি ভাইজান’, কখনো ‘সুলতান’, কখনো ‘চুলবুল পান্ডে’, আবার কখনো ‘টাইগার’—বিভিন্ন চরিত্রে সালমান নয় থেকে নব্বই বয়সী দর্শকের মন জয় করেছেন। সাম্প্রতিক সময়ে তাঁর ছবিগুলো বক্স অফিসে প্রত্যাশা পূরণ না করলেও জনপ্রিয়তায় একচুলও ভাটা পড়েনি।
পারিবারিক মূল্যবোধ
১৯৬৫ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম হলেও সালমান খানের বেড়ে ওঠা মুম্বাইতে। তাঁর বাবা সেলিম খান হিন্দি সিনেমার প্রখ্যাত চিত্রনাট্যকার। সিনেমার পরিবেশেই বড় হওয়া সালমানের জীবনে পরিবারই সবচেয়ে বড় শক্তি।
আজও কোনো অনুষ্ঠানে বাবার পাশে বসেন না তিনি। পুরো সময় বাবার পেছনে দাঁড়িয়ে থাকেন সম্মানের সঙ্গে। বাবা-মা, দুই ভাই ও দুই বোন—পরিবারের সবাইকে আগলে রাখেন বুক দিয়ে। জন্মদিন, ঈদ কিংবা যেকোনো উৎসব তিনি পরিবারের সঙ্গে কাটাতেই ভালোবাসেন।
বিভিন্ন সাক্ষাৎকারে সালমান বারবার বলেছেন, পরিবারই তাঁর সবচেয়ে বড় ভরসা। যেকোনো বিতর্ক বা সংকটে পরিবারই তাঁকে শক্ত করে ধরে রেখেছে।
সব মিলিয়ে, সময় বদলালেও সালমান খান আজও নিজ জায়গায় অটল—দর্শকদের ভালোবাসায়, পর্দার রাজত্বে এবং ‘ভাইজান’ হয়ে।





