কলকাতার পরিচিত চিত্রগ্রাহক সৌম্যদীপ্ত গুইন, যিনি ভিকি নামেই বেশি পরিচিত ছিলেন, নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছেন। তার বয়স হয়েছিল ৪০ বছর। ঘটনা নিশ্চিত করেছেন পরিচালক রাজা চন্দ। তিনি জানান, খবর পেয়ে যখন কসবার বাড়িতে পৌঁছান, তখন পুলিশ মরদেহ নামানোর কাজ করছিল।

চিত্রগ্রাহক প্রেমেন্দু বিকাশ চাকী বলেন, ভিকির সঙ্গে তার দীর্ঘ ১৫ বছরের কাজের সম্পর্ক ছিল। তিনি জানান, কাজের চাপ আর অনিশ্চয়তার কারণে ভিকি কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বন্ধুরা প্রেমেন্দুকে জানিয়েছে, কাজে আশানুরূপ সুযোগ না পেয়ে তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন।

চিত্রগ্রাহক গিল্ডের সম্পাদক স্বপন মজুমদার জানান, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিকেলে এনআরএস হাসপাতাল থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কোথায় শেষকৃত্য হবে, তা পরিবার ঠিক করবে।

ফেডারেশন থেকে ভিকির পরিবারের জন্য নির্ধারিত ১৫ হাজার টাকা দেওয়া হবে বলে জানান স্বপন। তিনি আরও বলেন, ভিকির স্ত্রী ও এক শিশুকন্যা রয়েছে। তাদের জন্য অতিরিক্ত কোনো সহায়তা দেওয়া যায় কি না, সে বিষয়ে আলোচনাও চলছে।