ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হয়েছে মাহিদুল ইসলামের। ম্যাচ শুরুর আগে তাকে ওয়ানডে ক্যাপ তুলে দেন সাইফ হাসান। এর আগে জাতীয় দলের হয়ে একটি টেস্ট ম্যাচ খেলেছেন এই তরুণ ব্যাটার।


শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, “আমরাও ব্যাটিং করতে চেয়েছিলাম। এটা আমাদের হোম গ্রাউন্ড, এই উইকেটে আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি, নতুন ম্যাচ—সবাই যেন নিজের ভূমিকা বুঝে ইতিবাচকভাবে খেলে। খারাপ সময় আসতেই পারে, কিন্তু আমরা সবাই চাই আজ আরও ভালো কিছু করতে। আমাদের দলে দুইজন পেসার, তিনজন স্পিনার আর সাতজন ব্যাটার আছে।”


পরিসংখ্যান বলছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে পেছনে ফেলেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এই ভেন্যুতে দুটি দলের মধ্যে হওয়া ১০ ম্যাচের মধ্যে ছয়টিতেই জিতেছে ক্যারিবীয়রা, আর বাংলাদেশ জিতেছে চারটিতে। যদিও ২০১১ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এই মাঠে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ।


\r\n\r\n\r\n

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।