বাঙালির রান্নায় হলুদ শুধু রঙ বা গন্ধের জন্য নয়, বরং এর রয়েছে অসাধারণ স্বাস্থ্যগুণ। আয়ুর্বেদ ও প্রাচীন ঘরোয়া চিকিৎসায় হলুদ বহু শতাব্দী ধরে প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু যদি কেউ টানা এক মাস প্রতিদিন হলুদ খায়, তাহলে শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে?

ভারতের টাইমস অব ইন্ডিয়া-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত ও পরিমিত পরিমাণে হলুদ খেলে শরীরে নানা ইতিবাচক পরিবর্তন আসে। তবে অতিরিক্ত সেবনে কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে।

নিয়মিত হলুদ খাওয়ার উপকারিতা :

১. প্রদাহ কমায়:

হলুদের মূল সক্রিয় উপাদান কারকিউমিন (Curcumin) শরীরের ভেতরের প্রদাহ কমাতে দারুণভাবে কাজ করে। আর্থ্রাইটিস, জয়েন্টের ব্যথা বা ফোলাভাবের মতো সমস্যায় এটি উপকার দেয়।

২. হজম শক্তি বাড়ায়:

হলুদ পেটের জন্য একপ্রকার প্রাকৃতিক টনিক। এটি বদহজম, গ্যাস বা পেট ফাঁপার সমস্যা কমাতে সাহায্য করে।

৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে:

হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের কোষগুলোকে ফ্রি র‍্যাডিকেল থেকে রক্ষা করে, ফলে ইমিউন সিস্টেম আরও শক্তিশালী হয়।

৪. ব্যায়ামের পর ব্যথা কমায়:

ব্যায়াম বা অতিরিক্ত পরিশ্রমের পর মাংসপেশিতে ব্যথা বা টান লাগলে হলুদ উপকার দিতে পারে।

তবে সাবধান! কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও থাকতে পারে

১. হজমে সমস্যা:

খালি পেটে বা বেশি পরিমাণে হলুদ খেলে পেট জ্বালা, গ্যাস বা বমিভাব হতে পারে।

২. রক্ত পাতলা হওয়ার ঝুঁকি:

হলুদ প্রাকৃতিকভাবে রক্ত পাতলা করে। যারা নিয়মিত ব্লাড থিনার ওষুধ খান, তাদের অতিরিক্ত হলুদ খাওয়া বিপজ্জনক হতে পারে।

৩. লিভারের ওপর চাপ:

বেশি পরিমাণে হলুদ বা সাপ্লিমেন্ট দীর্ঘদিন খেলে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে।

৪. অ্যালার্জি:

কিছু মানুষের ত্বকে হলুদ অ্যালার্জির প্রতিক্রিয়া (চুলকানি, র‍্যাশ বা জ্বালাভাব) সৃষ্টি করতে পারে।

৫. আয়রন ঘাটতির ঝুঁকি:

অতিরিক্ত হলুদ শরীরে আয়রনের শোষণ কমাতে পারে, ফলে রক্তশূন্যতা দেখা দিতে পারে।

হলুদ খাওয়ার সঠিক উপায় :

প্রতিদিনের রান্নায় অল্প পরিমাণে মশলা হিসেবে ব্যবহার করুন।

গরম পানি বা চায়ে এক চিমটি হলুদ মিশিয়ে পান করুন।

রাতে ঘুমানোর আগে গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে খেলে ভালো ঘুম হয় ও শরীর শান্ত থাকে।

হলুদের সাপ্লিমেন্ট নিতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

বিশেষজ্ঞদের পরামর্শ:

পরিমিত মাত্রায় হলুদ খাওয়া শরীরের ভেতর-বাহির দুই দিকেই উপকার এনে দিতে পারে-ত্বক উজ্জ্বল করা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো পর্যন্ত। তবে অতিরিক্ত সেবনে যেমন হজমে সমস্যা হতে পারে, তেমনি লিভার ও রক্তে প্রভাব ফেলতে পারে। তাই প্রতিদিনের খাবারে সঠিক পরিমাণে হলুদ ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর পন্থা।