বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী টানা ৫ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের ৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে জানানো হয়, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে নম্বর ১ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে অনেক স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।
সব বিভাগে ছড়িয়ে পড়বে বৃষ্টি। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—সব বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি আরও বাড়তে পারে। অন্যান্য বিভাগেও কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে। বৃষ্টির কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা ও নদী বন্দরে নৌযাত্রায় বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।







