নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই ঘোষণার পরই বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


\r\n

জিও নিউজকে পিসিবির একটি সূত্র জানিয়েছে, যদি শ্রীলঙ্কার ভেন্যু ব্যবহার করা না যায়, তবে বিকল্প হিসেবে পাকিস্তানের আধুনিক ও সম্পূর্ণ প্রস্তুত স্টেডিয়ামগুলো প্রস্তাব করা হতে পারে। সূত্রের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সফলভাবে একাধিক বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইসিসি উইমেন্স কোয়ালিফায়ার্স।


\r\n

বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পিসিবির এই আগ্রহ সামনে এসেছে। বিশেষ করে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বিষয়টি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।


\r\n

পিসিবি সূত্রের দাবি, পাকিস্তান খুব সহজেই বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করতে পারবে এবং দেশটির সব নির্ধারিত ভেন্যুই ম্যাচের জন্য প্রস্তুত রয়েছে।


\r\n

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতায়, আর শেষ গ্রুপ ম্যাচটি নির্ধারিত ছিল মুম্বাইয়ে।