জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নেত্রকোণার রিপন মিয়া সোমবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, কয়েকজন টিভি সাংবাদিক তার পরিবারের অনুমতি ছাড়া ভিডিও ধারণ করেছেন।

রিপন মিয়া ফেসবুকে লিখেছেন, “আমি ২০১৬ সাল থেকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি। এই সময়ে আমার দ্বারা কারও ক্ষতি করার কোনো রেকর্ড নেই। কেউ আমার পেজ হ্যাকের চেষ্টা করুক বা আমাকে মিডিয়ায় না আসতে বলে প্রাণনাশের হুমকি দিক—সবই সহ্য করেছি।”

তিনি আরও উল্লেখ করেছেন, “আজ ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছেন। তারা অনুমতি ছাড়া আমার পরিবারের সদস্যদের ভিডিও করেছেন, উল্টাপাল্টা প্রশ্ন করেছেন এবং ঘরে ঢুকে পরিবারের মহিলাদেরও সম্মতি না নিয়ে ছবি তুলেছেন। আমার পরিবার কখনো মিডিয়ার সামনে আসে না। আমি কখনো তাদের ফেসবুকে দেখিয়ে অর্থ উপার্জন করার চেষ্টা করিনি।”

রিপন মিয়া সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “এই ঘৃণ্য কাজ যারা করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা উপার্জন করে নিজের পরিবারকে খাওয়ানোর উদ্দেশ্য থাকলেও, অন্যের পরিবারকে সম্মান করা উচিত।”

শেষে তিনি সবাইকে ভালো থাকার প্রার্থনা এবং তার জন্য দোয়া রাখার অনুরোধ করেছেন।