বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন ও গবেষণা প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২০২৫’। দীর্ঘ ছয় বছর পর পুনর্গঠনের পর বুটেক্স সায়েন্স ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে।

শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় দেশের প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা ছয়টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়: পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট এক্সিবিশন, আর্টিকেল রাইটিং, টেক্সটাইল অলিম্পিয়াড (সিনিয়র ও জুনিয়র), ভিডিও কম্পিটিশন এবং ট্রেজার হান্ট।

উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্প ও পেশাজীবী সংস্থার প্রতিনিধি। বিচারকরা অংশগ্রহণকারীদের গবেষণাধর্মী উপস্থাপনা ও উদ্ভাবনী চিন্তাধারার ভিত্তিতে মূল্যায়ন করেন।

প্রতিটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানারআপ ঘোষণা করা হয়। পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হলো টিম ওয়াটার হায়াসিন্থ, প্রজেক্ট এক্সিবিশনে টিম এরিজ, টেক্সটাইল অলিম্পিয়াড (সিনিয়র) নাজরানা মেহনাজ দিবা, ভিডিও কম্পিটিশনে টিম স্পানডেক্স এবং ট্রেজার হান্টে মিস্ট্রি ভয়েজার্স।

উপাচার্য বলেন, “বাংলাদেশের টেক্সটাইল খাতে গবেষণার পরিমাণ এখনও কম। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় আরও এগিয়ে আসতে হবে।” ক্লাবের সভাপতি মো. নাহিদ হাসান বলেন, “টেক্সভার্স ২০২৫ শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে সম্পৃক্ত করার একটি উদ্যোগ।”

দিনব্যাপী উৎসবমুখর আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং উদ্ভাবনী মনোভাব নতুন মাত্রা যোগ করেছে।