ভারতের টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না বিরাট কোহলিকে। সোমবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় দীর্ঘ ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ভারতীয় ব্যাটিং তারকা। রোহিত শর্মার অবসরের ঘোষণা আসার মাত্র কয়েকদিন পরেই কোহলির এমন সিদ্ধান্ত এলো।

\r\n

কোহলি তার ক্যারিয়ারে ১২৩টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে করেছেন ৯,২৩০ রান। ব্যাটিং গড় ৪৬.৮৫। তার নামের পাশে রয়েছে ৩০টি শতরান ও ৩১টি অর্ধশতক। ভারতের টেস্ট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন তিনি।

\r\n

ফেসবুক পোস্টে কোহলি লেখেন, ‘১৪ বছর আগে যখন প্রথমবার টেস্ট ক্যাপ পেয়েছিলাম, তখন বুঝতেই পারিনি এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। এই ফরম্যাট আমাকে গড়ে তুলেছে, অনেক কিছু শিখিয়েছে—এ শিক্ষা আমি সারাজীবন মনে রাখব।’
তিনি আরও বলেন, ‘সাদা পোশাকে খেলার একটা আলাদা আবেদন আছে। এর নিঃশব্দতা, দীর্ঘ সময়ের ধৈর্যের পরীক্ষা এবং ছোট ছোট মুহূর্তের গুরুত্ব কেউ দেখেন না, কিন্তু এসবই আমার হৃদয়ে গেঁথে থাকবে।’

\r\n

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) চেয়েছিল কোহলি যেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। বিশেষ করে আসন্ন ইংল্যান্ড সফরকে সামনে রেখে রোহিত শর্মার পর কোহলিকেও না পাওয়া বড় ধাক্কা হিসেবে দেখেছিল বোর্ড। কিন্তু কোহলি তার সিদ্ধান্তে অনড় ছিলেন।

\r\n

জানা গেছে, অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করেছিলেন তিনি। যদিও সেই সফরের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন, তবে সিরিজের বাকি অংশে তিনি ছিলেন ব্যর্থ।

\r\n

বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে কোহলির সেরা ইনিংস ছিল ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনেতে, যেখানে তিনি খেলেছিলেন অপরাজিত ২৫৪ রানের দুর্দান্ত ইনিংস।

\r\n

রোহিত শর্মার মতো কোহলিও কোনো আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ না খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন।