ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের একটি দোকানে টেস্টিং সল্ট (এমএসজি) রাখার অভিযোগে দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করেছেন হল সংসদের নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আজিজুল হক। ঘটনাটি ঘটেছে ১২ সেপ্টেম্বর।

প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে খাবারে টেস্টিং সল্ট ব্যবহারের কথা স্বীকার করেন দোকানদার। এ সময় ভিপির পক্ষ থেকে তাঁর সঙ্গে একটি লিখিত চুক্তি করা হয়। সেখানে উল্লেখ ছিল, তিন দিনের মধ্যে জরিমানা পরিশোধ না করলে দোকানের চুক্তি বাতিলের সুপারিশ করা হবে।

তবে এ ঘটনায় আপত্তি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। তিনি বলেন, “জরিমানা করার এখতিয়ার ছাত্রনেতাদের নেই। এ ধরনের সিদ্ধান্ত হলে তা হল প্রশাসনের মাধ্যমে হতে হবে।”

ভিপি আজিজুল হকের ব্যাখ্যা, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।