আদালত অবমাননার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিনি জানান, ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে ফজলুর রহমান লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। আগামী সোমবার (৮ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি হবে।

এর আগে গত ২৬ নভেম্বর ট্রাইব্যুনালকে নিয়ে মন্তব্যের জেরে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। পরে ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল তাকে ৮ ডিসেম্বর সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়। এর মধ্যেই বুধবার তিনি লিখিতভাবে ক্ষমা চান।

প্রসিকিউশন জানায়, গত ২৩ নভেম্বর ফজলুর রহমান চ্যানেল 24–এর একটি টকশোতে অংশ নিয়ে ট্রাইব্যুনাল সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। তিনি বলেন, “আমি প্রথম দিন থেকেই বলছি, এই কোর্ট আমি মানি না।” উপস্থাপকের আরেক প্রশ্নের জবাবে তিনি আরও যোগ করেন, “এই কোর্টের বিচার আমি মানি না। ইউটিউবে বলেছি, টকশোতেও বলেছি।”

প্রসিকিউশন দাবি করেছে, ওই টকশোতে তিনি আরও বেশ কিছু মানহানিকর বক্তব্য দিয়েছেন। পুরো ৪৯ মিনিটের অনুষ্ঠানটি পেনড্রাইভে করে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।