কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান সোমবার (৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে হাজির হন।

প্রায় ১১টার পর তিনি আইনজীবীদের একটি দল নিয়ে ট্রাইব্যুনালে প্রবেশ করেন। তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আরও কয়েকজন আইনজীবী।

শুনানিটি ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ফজলুর রহমান ইতিমধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, তিনি ৩ ডিসেম্বর এই ক্ষমা পেশ করেছিলেন। প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল ৩০ নভেম্বর শুনানি করে আজ তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে তলব করেছে।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, সাথে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। অভিযোগে বলা হয়েছে, ফজলুর রহমান আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ, আদালতের নিরপেক্ষতায় হস্তক্ষেপকারী ‘অভ্যন্তরীণ বন্দোবস্ত’ থাকার দাবি ও প্রসিকিউশন সংক্রান্ত অবমাননাকর মন্তব্য করেছেন। এ সংক্রান্ত প্রথম শুনানি হয়েছিল ২৬ নভেম্বর।