‘সূচি মেলেনি’এমন কারণ দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে কেনেডি সেন্টার অনার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড তারকা টম ক্রুজ। বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকাকালীন সময়ে প্রথম দফায় যাঁরা এ সম্মাননা পাচ্ছেন, তাঁদের তালিকায় টম ক্রুজের নাম থাকলেও শেষ পর্যন্ত তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এ নিয়ে ক্রুজের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত বুধবার ট্রাম্প ঘোষণা করেন, এ বছর পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আছেন অভিনেতা সিলভেস্টার স্ট্যালন, কান্ট্রি মিউজিক তারকা জর্জ স্ট্রেইট, ডিস্কো ডিভা গ্লোরিয়া গেনর, রক ব্যান্ড কিস এবং ব্রিটিশ নাট্যকর্মী মাইকেল ক্রফোর্ড।

সাধারণত ডিসেম্বরের শুরুতে এই গালা অনুষ্ঠান হয় এবং পরে তা প্রচারিত হয় সিবিএস টিভিতে। তবে এবার ট্রাম্প নিজেই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বলে জানিয়েছেন।

কেনেডি সেন্টার যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ পারফর্মিং আর্টস ভেন্যু, যা প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতিতে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।

এদিকে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে টম ক্রুজকে এ বছরের নভেম্বর মাসে মর্যাদাপূর্ণ গভর্নস অ্যাওয়ার্ডসে সম্মানসূচক অস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

টম ক্রুজকে সর্বশেষ দেখা গেছে তাঁর বহুল আলোচিত ছবি মিশন: ইমপসিবল–দ্য ফাইনাল রেকনিং–এ।

তথ্যসূত্র: পিপলডটকম