মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি জানান, বিভিন্ন খাতে ভারত ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। উভয় নেতা তাদের ‘ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব’ আরও সব ক্ষেত্রে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আলোচনায় বৈশ্বিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়। বিশেষ করে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা। এ সময় আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি নিরাপদ ও উন্মুক্ত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।





