আখাউড়া প্রতিনিধি : চট্টগ্রামগামী আন্তঃনগর ৮০১ আপ চট্টলা এক্সপ্রেস ফৌজদারহাট রেলওয়ে স্টেশন অতিক্রমের সময় ট্রেনটির পাওয়ার কারে ব্রেক বাইন্ডিং হয়ে হট এক্সেলের জন্য আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাটি মুহূর্তেই বড় দুর্ঘটনায় রূপ নিতে পারত।


তবে ট্রেন পরিচালক ইমরুল কায়েস ও মোহাম্মদ শামীমের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসী পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। আগুনের বিষয়টি বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে লোকোমাস্টারকে ট্রেন থামানোর নির্দেশ দেন। এরপর কৌশলে পাওয়ার কারের আগের কোচ বিচ্ছিন্ন করে সামনে সরিয়ে নেওয়া হয়।


পরবর্তীতে আগুন লাগা কোচসহ দুটি বগি আলাদা করে, বাকি কোচগুলোর ব্রেক রিলিজ করে যাত্রীসহ নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। তাদের এই দ্রুত সিদ্ধান্ত ও দক্ষ ব্যবস্থাপনার ফলে পুরো ট্রেনে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় এবং একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।



এই ঘটনায় ট্রেন পরিচালক মোহাম্মদ শামীম, ইমরুল কায়েস এবং সংশ্লিষ্ট অ্যাটেনডেন্টদের উপস্থিত বুদ্ধি ও পেশাদারিত্বে শত শত যাত্রীর প্রাণ, মালামাল এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষিত থাকে।


চট্টলা এক্সপ্রেস পেইজের পক্ষ থেকে গার্ড মোহাম্মদ শামীমকে সামান্য সম্মাননা প্রদান করা হয়েছে। সময়ের সীমাবদ্ধতার কারণে অন্যান্যদের সঙ্গে তাৎক্ষণিকভাবে সাক্ষাৎ সম্ভব না হলেও, শীঘ্রই তাদের সঙ্গেও সাক্ষাৎ করে কৃতজ্ঞতা জানানো হবে বলে জানানো হয়েছে।


এই সাহসী ও দায়িত্বশীল ভূমিকার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।