বিকল্প গণরাজনীতির প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবার ঠাকুরগাঁও জেলায় শুরু করলো তাদের সাংগঠনিক কার্যক্রম। ২২ আগস্ট এক আনুষ্ঠানিক ঘোষণায় সংগঠনটি ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক কমিটি প্রকাশ করেছে। আগামী ছয় মাস জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এই কমিটি।

নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন মোঃ শহিদুল্লাহ  এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহিনুর রহমান। কমিটি গঠনের প্রস্তাব দেন প্রধান সংগঠক নাঈম আহমাদ। এটি অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।

৫৯ সদস্যের এই আহ্বায়ক কমিটির মাধ্যমে ঠাকুরগাঁওয়ে “গণতান্ত্রিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাজনীতির” নতুন অধ্যায় সূচিত হলো বলে জানিয়েছে সংগঠনটি।

এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় নেতারা বলেন, “আমরা বিশ্বাস করি ঠাকুরগাঁওয়ের তরুণ প্রজন্মই পরিবর্তনের মূল চালিকাশক্তি। তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে আগামী দিনের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠবে।”

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দ্রুতই জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক ইউনিট গঠন করা হবে।