রিটার্নিং অফিস জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সাইবার অপরাধ সহ্য করা হবে না। এ ক্ষেত্রে কারও জন্য ছাড় নেই।

তাদের ভাষ্য অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের অতীত কর্মকাণ্ড টেনে এনে সাইবার বুলিং ও ব্যক্তিগত চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে ছাত্রী প্রার্থীদের লক্ষ্য করে নানা ধরনের সাইবার হয়রানির ঘটনা ঘটছে, যা মানবাধিকার পরিপন্থি।

রিটার্নিং অফিস আরও জানায়, কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স এবং সাইবার নিয়ন্ত্রণ সেলের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপও গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রিটার্নিং অফিস।