জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ: সংস্কার বাস্তবায়নের পথরেখা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, “আমি দুইবার ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছি, ছাত্রদের মধ্যে জনপ্রিয় ছিলাম। কিন্তু আমার রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারেনি। তাই ডাকসুতে জিতলেই জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা রাখা সম্ভব নয়।”

জামায়াত-শিবির প্রসঙ্গে তিনি বলেন, “৩০-৫০ বছর আগে যারা মাথা তুলতেও সাহস পেত না, তারা এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এবং বড় শক্তিকে চ্যালেঞ্জ করছে।”

আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র আবদুল কাদির, মহাসচিব আবু ইউসুফ সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের ভাইস প্রেসিডেন্ট সিরাজ মিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।