ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে শামীমের রাজনৈতিক অতীত ও বর্তমান কার্যক্রম নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন।
ইলিয়াসের মতে, শামীম হোসেন ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র। নিজের অরাজনৈতিক পরিচয় দাবি করলেও তিনি বিভিন্ন মানববন্ধন ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এ সময় তার জামায়াত-শিবির নিষিদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবি করা কর্মসূচিতে উপস্থিত থাকার প্রমাণ দেখা গেছে।
জরিপের ফলাফল অনুযায়ী, ভিপি পদে সাদিক কায়েম এগিয়ে রয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনের অবস্থান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাচ্ছে। সোচ্চার ও ন্যারেটিভের জরিপে শামীমের ভোট সম্ভাবনা উল্লেখযোগ্য এবং এখনও সিদ্ধান্তহীন ভোটাররা তার জন্য গেম চেঞ্জার হতে পারেন।
ইলিয়াস হোসেন অভিযোগ করেছেন, শামীম নির্বাচনে অংশ নেওয়া সত্ত্বেও ছাত্রলীগের কার্যক্রমে যুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাসদ ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন মানববন্ধন ও কর্মসূচিতে অংশ নিয়েছেন।
শামীম হোসেনের এই নির্বাচনী কার্যক্রম এবং রাজনৈতিক সংযুক্তি নিয়ে ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। ডাকসু নির্বাচন আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।





