ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা এবং প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র ঐক্যজোটের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তিনি গণমাধ্যমকে বলেন, “অব্যবস্থাপনার অভিযোগ আমরা পেয়েছি। বারবার সতর্ক করেছি যাতে তারা যথাযথ ব্যবস্থা নেন।”
ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেছেন, তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে প্রবেশাধিক্য দেওয়া হয়েছে। তিনি এই ধরনের আচরণকে ‘পক্ষপাতদুষ্ট’ উল্লেখ করে প্রশাসনের নীরবতা দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
এদিকে ভোট দিয়েছেন বামপন্থী সাতটি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’-এর জিএস প্রার্থী মেঘমল্লার বসু। তিনি আশাবাদ প্রকাশ করেছেন যে, নির্বাচনে প্রগতির পক্ষে থাকা প্রার্থীরা জয়ী হবেন। বসু বলেন, “গতবার ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারিনি, এবার এমন পরিস্থিতি হয়নি। ভোটের অধিকার জুলাই অভ্যুত্থানের অর্জন।”
ভোটারদের নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন উমামা ফাতেমা এবং এস এম ফরহাদ। উমামা ফাতেমা বলেন, “ভোটাররা এবার অনেক বেশি সচেতন। তারা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তালিকা তৈরি করে এনেছেন।”





