ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী নারী প্রতিনিধিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল মোবিন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি এসব নারী প্রতিনিধিদের ‘গৃহদাসী’ বলে কটাক্ষ করেছেন।
রাকিবুল মোবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টে (বিআইজিডি) গবেষণা সহযোগী হিসেবে কর্মরত।
এ ঘটনায় ডাকসুর নবনির্বাচিত মানবাধিকার ও আইন সম্পাদক শাখাওয়াত জাকারিয়া ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ইমরান মাতিনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, মোবিনের মন্তব্য প্রকাশ্যে নারী বিদ্বেষ ছড়িয়েছে। এটি শুধু আক্রমণাত্মক নয়, বরং নারীর মর্যাদা, ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণের ওপর সরাসরি আঘাত। একটি স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠানের কর্মী এ ধরনের আচরণ করলে তা প্রতিষ্ঠানের নৈতিক মানদণ্ড ও পেশাগত জবাবদিহিতার প্রশ্ন তোলে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এটি কোনো ব্যক্তিগত মন্তব্য নয়; বিষয়টি লিঙ্গ-ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতার সঙ্গে জড়িত। তাই দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ডাকসুর মানবাধিকার ও আইন সম্পাদক শাখাওয়াত জাকারিয়া বলেন, “ডাকসুতে বিজয়ী নারী শিক্ষার্থীদের ‘Home Slaves’ বলে কটাক্ষ করেছেন রাকিবুল মোবিন। তিনি বর্তমানে বিআইজিডিতে গবেষক হিসেবে কাজ করছেন। তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের জন্য আমি নির্বাহী পরিচালক বরাবর অভিযোগ দিয়েছি।”





