ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পাঁচজন সিনেট প্রতিনিধি নির্বাচিত হন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের কার্যালয়সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সভায় ডাকসুর সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ অন্য নির্বাচিতরা উপস্থিত ছিলেন।

নির্বাচিত সিনেট প্রতিনিধিরা হলেন সাদিক কায়েম, এসএম ফরহাদ, মহিউদ্দিন খান, সাবিকুন্নাহার তামান্না ও আসিফ আব্দুল্লাহ।

সভা শেষে সংবাদ সম্মেলনে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, তারা নেতা নন, শিক্ষার্থীদের প্রতিনিধি। তিনি বলেন, “আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করব। শিক্ষার্থীদের সমস্যার সমাধানে সব সময় পাশে থাকব।”

তিনি আরও জানান, ডাকসুতে কেউ হারেনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সবার ইশতেহারের আলোকে কাজ করা হবে।

ডাকসুর সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেন, প্রথম কার্যনির্বাহী সভায় সবাইকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বারো মাসের কর্মপরিকল্পনা গ্রহণ এবং সিনেটে পাঁচজন প্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত হয়।

এর মধ্য দিয়ে নতুন কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।